সারাদেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউতে ভর্তি হওয়া প্রতি করোনা রোগীর পেছনে সরকার ৫০ হাজার টাকা করে ব্যয় করছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি সাধারণ রোগীদের জন্য ১৫ হাজার টাকা করে খরচ হচ্ছে বলেও তিনি জানান।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, ঢাকায় করোনা রোগীদের জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড করা হয়েছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে।
টিকার বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বেই টিকার সংকট রয়েছে। বিশ্বের ১০টি ধনী রাষ্ট্র ৭০ ভাগ ভ্যাকসিন কিনে নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০টি দেশ ভ্যাকসিনই পায়নি।
লকডাউন সুফল বয়ে এনেছে উল্লেখ করে তিনি বলেন, সংক্রমণ ২৪ থেকে ১৩-তে নেমে এসেছে। লকডাউনের বড় ফল পেয়েছি। কিন্তু লকডাউন তো সব সময় হতে পারে না। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা, স্বাস্থ্যবিধি মানা এবং অনুষ্ঠানে না যাওয়ার মতো দীর্ঘমেয়াদি উপায় মেনে চলতে হবে।
বার্তা বাজার/এসজে