রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হওয়া মোসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভগ্নিপতি মিজানুর রহমান।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুনিয়ার ময়নাতদন্ত হয়। ঢামেক হাসপাতালের মর্গের সামনে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলে তিনি।
মিজানুর রহমান বলেন, আমার শ্যালিকা (মুনিয়া) আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। দুদিন আগেও তার সঙ্গে আমরা কথা বলেছি। আত্মহত্যা করবে এমন কোনো মোটিভেশন ছিল না। তাকে হত্যা করা হয়েছে। এখন আমরা ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করবো।
এর আগে সোমবার সন্ধ্যায় গুলশান ২-এর ১২০ নম্বর সড়কে ওই ফ্ল্যাটে গিয়ে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান দরজা বন্ধ পান। পরে তালা ভেঙে ঘরে ঢুকে মুনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি পুলিশে খবর দেন।
মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একা থাকতেন। সোমবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
মুনিয়ার বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দিঘী এলাকায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তার পরিবার গ্রামেই থাকে। সে ওই ফ্ল্যাটে একা থাকে।
এ ঘটনায় সোমবার রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন।
বার্তাবাজার/নব