বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: কাদের

আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হওয়ায় বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এ কথা বলেন কাদের।

তিনি বলেন, বিএনপির নীতিবাচক রাজনীতি প্রতি কারো কোনো আস্থা নেই। দলকে চাঙ্গা রাখতে, কর্মীদের চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছেন তারা। তাদের কাছে এখন কোনো ইস্যু নেই। তাদের রাজনীতি হচ্ছে সরকারবিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

ওবায়দুল কাদের বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে আজকের এই দিনে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ব্যতিক্রম ছিলেন। তাদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর