ময়নাতদন্ত শেষে বক্তব্য দেননি চিকিৎসক, মুনিয়ার মরদেহ নেওয়া হচ্ছে কুমিল্লায়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোসারাত জাহান মুনিয়ার ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে এ ব্যাপারে ময়নাতদন্তকারী চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৭ এপ্রিল) মুনিয়ার নিথর দেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন।

তার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে মুনিয়া একা থাকতেন এবং সায়েম সোবহান আনভীরের যাতায়াত ছিল।

সোমবার সন্ধ্যায় গুলশান ২-এর ১২০ নম্বর সড়কে ওই ফ্ল্যাটে গিয়ে মুনিয়ার বড় বোন দরজা বন্ধ পান। পরে তালা ভেঙে ঘরে ঢুকে মুনিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি পুলিশে খবর দেন।

মুনিয়া রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একা থাকতেন। সোমবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

মুনিয়ার বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দিঘী এলাকায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তার পরিবার গ্রামেই থাকে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর