পাখির বাসায় হাত দিয়ে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে সায়েম আলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সায়েম আলী আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি-সংলগ্ন পুকুরের পাশে গর্তের মধ্যে থাকা পাখির বাসায় হাত দেয় সায়েম। এ সময় পাখির বাসার মধ্যে থাকা একটি সাপ তার হাতে ছোবল দেয়। সায়েম সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়েমের মা চম্পা বেগম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে। সকালে বাড়ি-সংলগ্ন পুকুরের পাশে থাকা গর্তের মধ্যে পাখি বাসায় হাত দেয় সায়েম। সেখানে থাকা সাপ তাকে ছোবল দেয়। আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।

বারোঘরিয়া গ্রামের ইউপি সদস্য শাহিনুর আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই সায়েমের মৃত্যু হয়। সাপটি খুবই বিষাক্ত। সাপটি উদ্ধার ও চিহ্নিত করার চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু সায়েমকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর