ঝিনাইদহে ১৬ ঘন্টা পর চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারী সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘন্টা পর এক মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটে। এরপর শিশুটির পিতা মনিরুল ইসলাম স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।
এর পর র্যাব অভিযান পরিচালনা করে মঙ্গলবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর দাশপাড়া জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে ফুটফুটে বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। এ সময় র্যাব জাহাঙ্গীর হোসেনের স্ত্রী প্রিয়া খাতুনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
ঝিনাইদহ র্যাবের কমান্ডার কামাল উদ্দিন জানান গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ক্লিনিকের ২০৩ নম্বর কেবিন থেকে নবজাতকটি চুরির ঘটনা ঘটে। সিজারের মাধ্যমে মনিরুল ইসলাম ও শাবানা দম্পতির একটি কন্যা সন্তান জন্ম নেয়।
নবজাতকের স্বজনেরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ের একটি কন্যা সন্তান হয়। মাগরিবের আযানের সময় হাসপাতালে বসে থাকা এক নারী প্রিয়া খাতুন বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন একটি মামলা দায়ের করেছে।
খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি