শিক্ষা নিতে ব্যর্থ হলে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না। ভুল থেকে শিক্ষা না নিলে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সারাদেশে এখন ৭ হাজার করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। মানুষ এখন স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা রোগী বাড়লে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না, মানুষ চিকিৎসা পাবে না। স্বাস্থ্যবিধি মানা ছাড়া অন্য কোনো উপায় নেই। ভুল থেকে শিক্ষা না নিলে করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ রূপ নিতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের আইসিইউতে থাকা প্রতিটি করোনা রোগীর জন্য সরকারের ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা। ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড আছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে।
বার্তাবাজার/নব