ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

একদিনের সফরে ঢাকায় এসেছেন চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী উই ফেঙ্গই।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিমানবন্দর থেকে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন উই ফেঙ্গই।

সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কোভিড-১৯ মোকাবেলায় টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা যাচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে।

চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এ সম্পর্ক আরও জোরালো করার আগ্রহ আছে চীনের। এছাড়াও করোনা মহামারি মোকাবেলায় চীন থেকে টিকা পেতেও আগ্রহী বাংলাদেশ। এ সফরে করোনার টিকা ইস্যু প্রাধান্য পাবে। সফর শেষে আজই তিনি শ্রীলঙ্কায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর