ডুবে যাওয়ার আগে ‘আবার দেখা হবে’ গান গেয়েছিলেন সাবমেরিনের ক্রুরা

মহড়ায় অংশ নিয়ে পানিতে ডুব দিয়ে ৫৩ নাবিকসমেত হারিয়ে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনটি সম্প্রতি বালি দ্বীপের সমুদ্রের তলে ৩ টুকরো হয়ে যায়। এর ফলে মারা যায় সাবমেরিনটিতে থাকা সব নাবিক। সেই নাবিকদের বিদায়ী সঙ্গীতের ভিডিও প্রকাশ করা হয়েছে।

ওই মর্মস্পর্শী ভিডিওটি প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ভিডিওটিতে দেখা গেছে, ডুবে যাওয়া সাবমেরিনের নাবিকরা দেশটির একটি জনপ্রিয় গান গাচ্ছেন; যেখানে স্ত্রী বা প্রেমিকা বিদায় জানানো হচ্ছে। মহড়ায় অংশ নেওয়ার কদিন আগেই এ ভিডিওটি ধারণ করা হয়। তাতে দেখা যাচ্ছে, নাবিকেরা সাম্পাই জুমপা নামে ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় গান গাইছেন, যার মানে হচ্ছে ‘আবার দেখা হবে’।

ভিডিওতে দেখা যাচ্ছে, নাবিকেরা অ্যাকুস্টিক গিটার বাজিয়ে গান গাইছেন, আর তাদের সঙ্গে সাবমেরিনের কমান্ডার হ্যারি অকটাভিয়ানও রয়েছেন। তাদের গানের কথাগুলো এমন, ‘যদিও এখনই তোমাকে বিদায় জানাতে প্রস্তুত নই আমি, কিন্তু তোমাকে ছাড়া বেঁচেও থাকতে পারব না। তোমার ভালো হোক, মঙ্গল হোক।’

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র দিজাওয়ারা হুইমবো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নৌবাহিনীর একজন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনার জন্য গাওয়া হচ্ছিল গানটি, তখন সেটি রেকর্ড করা হয়েছিল।

এদিকে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা সাবমেরিনটির ধ্বংসাবশেষ এবং নাবিকদের মরদেহ উদ্ধারের পরিকল্পনা করেছে। এসব ধ্বংসাবশেষ সাগরের ৮০০ মিটারেরও বেশি গভীরে রয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন সাগরের অত নিচ থেকে উদ্ধারকাজ চালাতে বিশেষায়িত যন্ত্রপাতি প্রয়োজন হবে।

সোমবার (২৬ এপ্রিল) নিহত নাবিকদের স্বজনেরা বালির সমুদ্রতীরে এক শোকসভায় মিলিত হন। সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো সাবমেরিনের নাবিকদের দেশের ‘সেরা দেশপ্রেমিক’ বলে বর্ণনা করেন। জোকো উইদোদো নিহত নাবিকদের সন্তানদের পড়াশোনার খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর