খাঁচার বাহিরে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ শাবক ‘জো বাইডেন’

লকডাউনের এই সুযোগে চট্টগ্রাম চিড়িয়াখানার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে একটি বাঘ শাবক। নাম তার জো বাইডেন। জন্মের পর বেমাতাসুলভ আচরণে মরতে বসা এ বাঘ শাবকটিকে সন্তানের মত পরম আদর যত্নে বড় করেছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। ছয় মাস পেরুলে মানুষের সঙ্গ ছেড়ে স্থানান্তর করা হবে তার আসল ঠিকানা চিড়িয়াখানার খাঁচায়।

গেলো বছরের ১৪ নভেম্বরে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ দম্পতি রাজ-জয়ার সংসারে জন্ম নিয়েছিলো তিনটি শাবক। জন্মের পর পরই বাঘিনী দুধ দানে অবহেলায় একটি শাবক মারা যায়। অবস্থা বেগতিক দেখে সেই দিনই চিড়িয়াখানা কর্তৃপক্ষ মায়ের কাছ থেকে আলাদা করে খাচার বাহিরে নিয়ে আসে বেঁচে থাকা দুই শাবক। এরপরে চিড়িয়াখানার সহকারী কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর তত্ত্বাবধানে থাকা দুই শাবকের মধ্য থেকেও এক শাবক মারা যায়।

পরে বেঁচে থাকা বাঘ শাবকটিকে বাঁচাতে আটঘাট বেঁধে নামেন ডা. শাহাদাত। এক দিন বয়সী বাঘ শাবকটিকে লালন-পালন করতে নিজ বিচানায় রেখে খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন নিজ সন্তানের মতো। খুনসুটি, খেলাধুলা, আদর-যত্ন করতে গিয়ে শাবকটির থাবা ও আঁচড়ের অত্যাচারও সহ্য করেছেন তিনি। আদর যত্ন আর পরম ভালবাসায় বাঘ শাবকটির সাথে মধুর সম্পর্কও তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক ডা. শাহদাত হোসেন জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি ইতিবাচক সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতেই প্রেসিডেন্টের নামের সাথে মিলিয়ে বাঘ শাবকটি নাম রাখা হয় ‌জো বাইেডন। অন্যান্য বাঘ দেখে জো-বাইডেন যেন তার আচরণ বুঝে নেয় এবং ভাববিনিময় ও বাঘসুলভ আচার-আচরণ আয়ত্ত করতেই এখন বেশীর ভাগ সময় খাঁচায় অভ্যস্ত করা হচ্ছে। তার মধ্যে আস্তে আস্তে বাঘের যে প্রতিরূপ সেটা পরিলক্ষিত হচ্ছে। ছয় মাস পর থেকেই শাবকটি ক্রমান্বয়ে হিংস্র হয়ে উঠবে। আগামী মে মাসের ১৪ তারিখ জো বাইডেন ছয়মাস পূর্ণ হবে। আর সে দিন থেকে সম্পূর্ণভাবে মানুষের সঙ্গ থেকে বিচ্ছিন্ন করে খাঁচা বন্ধি রাখা হবে।

তিনি আরো জানান- একদিন বয়সী একটি পশুর শাবককে বড় করে তোলা একটি বড় চ্যালেঞ্জিং বিষয় ছিলো। শুরুতে বাজারে পাওয়া বিড়ালের দুধ খাওয়ানো হতো। পরে ছাগলের দুধের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে খাওয়ানো হয়। এখন প্রতিদিন ৬০০ এমএল দুধের সাথে দেড় কেজি গোস্ত খাওয়ানো হচ্ছে। ছয়মাস পর দুধ খাওয়ানো বন্ধ করে দেয়া হবে। জো বাইডেনের ওজন এখন ২৫ কেজির একটু বেশী এবং শারীরিক ভাবে বেশ সুস্থ রয়েছে।

এই চিড়িয়াখানায় ৬টি বাঘসহ সিংহ, জেব্রা, ময়ূর, গয়াল, বানর, চিত্রা হরিণ ও বিভিন্ন প্রকার পাখিসহ কমপক্ষে ৬৬ প্রজাতির সাড়ে ছয়’শ প্রাণী রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর