সরকারি এক বৈঠকে বসে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ১৯০ মার্কিন ডলার জরিমানা গুনেছেন। সোমবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ওই বৈঠকের একটি ছবি থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ তার ফেইসবুকে পোস্ট করেন, যা পরে সরিয়ে নেয়া হয়। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন।
ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং জানান, ওই ছবি প্রকাশের পর প্রায়ুথকে জরিমানা করা হয়।
তিনি তার ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি এটা কোভিড-১৯ এর বিরুদ্ধে আরোপিত স্বাস্থ্যবিধির লঙ্ঘন। তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন।
তবে প্রধানমন্ত্রী প্রায়ুথ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ফেইসবুকে পোস্ট করা বৈঠকের ছবিতে একমাত্র তাকেই মাস্ক ছাড়া দেখা যায়। বাকি সবার মুখে মাস্ক ছিল।
থাইল্যান্ডে সোমবার দুই হাজার ৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়। যদিও অভিযোগ আছে, দেশটির সরকার করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না। সুত্র- ওয়াশিংটন পোস্ট।
বার্তা বাজার/এসজে