শিল্পক্ষেত্রে নয় শুধু হাসপাতালে ব্যবহার হবে অক্সিজেন

ভারতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। যার ফলে সেদেশ থেকে গত চারদিন কোনো অক্সিজেন আমদানি করা যায়নি। সর্বশেষ গত ২২ এপ্রিল একটি অক্সিজেনবাহী ট্যাংকার খালাস হয় বেনাপোল বন্দরে। করোনা রোগীদের চিকিৎসায় জীবনরক্ষাকারী প্রধান উপাদান অক্সিজেন।

দেশে বর্তমানে অক্সিজেনের যে চাহিদা রয়েছে তা মেটাতে ভারত থেকে আনা অক্সিজেনই রাখত অন্যতম ভূমিকা। কিন্তু চলমান পরিস্থিতিতে আশঙ্কা দেখা দিয়েছে প্রয়োজনীয় এই বস্তুর সংকট তৈরীর। এমনকি অক্সিজেনের অভাবে বাড়তে পারে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুহার।

এ অবস্থায় করোনা সংক্রমণ চলাকালে শিল্পে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। এমনকি বিকল্প হিসাবে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা রয়েছে, যা সময়সাপেক্ষ।

শুক্রবার (২৩ এপ্রিল) প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ এক স্মারকে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি ওই স্মারকে বলেন, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ সম্প্রতি দ্রুত বাড়ছে। দেশের হাসপাতাল/ক্লিনিকে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়।

এই পরিস্থিতিতে হাসপাতাল/ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন। তাই দেশে করোনা সংক্রমণ চলাকালীন শিল্পে অক্সিজেনের ব্যবহার বন্ধ রেখে শুধু হাসপাতালে অক্সিজেন সরবরাহের নির্দেশনা প্রদান করা হলো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর