‘বাবুনগরী-মামুনুলরা তারেক জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন’

হেফাজতে ইসলামের নামে জুনায়েদ বাবুনগরী, মামুনুল হকসহ অন্যান্য নেতাকর্মীরা তারেক জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তারা জামাত-বিএনপির প্রতিনিধি বলেও তিনি মন্তব্য করেছেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে বগুড়ার শেরপুরে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ জমির ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের নেতা বলেন, আজকে হেফাজতে ইসলামের নামে যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিরোধিতা করেছেন, ওরা ইসলামের হেফাজতকারী না। ওরা জামাত-বিএনপির হেফাজতকারী। ওরা স্বাধীনতাবিরোধীদের হেফাজতকারী। ওরা মুক্তিযুদ্ধের বিরোধীদের হেফাজতকারী। বাবুনগরী আর মামুনুল হকরা হচ্ছে জামাত-বিএনপির প্রতিনিধি।

তিনি বলেন, ইসলামের হেফাজতকারী হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনাই গতবার করোনার সময় ১২২ কোটি টাকা দিয়েছেন মাদ্রাসায়। শেখ হাসিনাই ১৬ কোটি টাকা দিয়েছেন কওমী মাদ্রাসায়, শেখ হাসিনাই ৫৬০টি আধুনিক মসজিদ করেছেন ৮৭২২ কোটি ব্যয় করে। শেখ হাসিনা বায়তুল মোকারম মসজিদের সংস্কার করেছেন। ইসলামের হেফাজত করলে শেখ হাসিনা করেন।

হেফাজত সম্পর্কে তিনি বলেন, ইসলামের হেফাজত বাবুনগরী-মামুনুল হকরা করেন না। শেখ হাসিনা হচ্ছেন সকল ধর্মের হেফাজতকারী। তাই শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সমৃদ্ধির দেশ।

তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আলেম সমাজ আর কওমী মাদ্রাসার ছাত্ররা আছেন, আমরা তাদের পাশে আছি। আমাদের সকলকে মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের বলতে হবে, যা কিছু করেছেন জননেত্রী শেখ হাসিনা করেছেন, আর বাবুনগরী-মামুনুল হকরা তারেক জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর