সীমান্তে আটকে আছে ২ শতাধিক বাংলাদেশি, অধিকাংশই অসুস্থ (ভিডিওসহ)
প্রথমবারের মত ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় সিলগালা করে দেওয়া হয়েছে বেনাপোল চেকপোস্ট। যার ফলে অসংখ্য যাত্রী আটকে গেছেন।
জানা যায়, রোববার (২৫ এপ্রিল) সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণার পরই সীমান্তের দুই প্রান্তে আটকে পড়া লোকজন ছুটতে থাকে বন্দরের দিকে। বাংলাদেশ প্রান্তে ৬ মেডিকেল শিক্ষার্থীসহ প্রায় ২০ ভারতীয় নাগরিক আটকে আছে। আর ভারতের পেট্রাপোলে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে প্রায় ২’শ জন বাংলাদেশি। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল।
যাত্রীদের একজন মনির হোসেন টেলিফোনে জানান, ‘তিনি তার ১০ বছরের শিশু বাচ্চাকে নিয়ে হার্টের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন। অপারেশন শেষে আজ সোমবার ভোরে বেনাপোলে পৌঁছে লকডাউনের খবর পেয়েছেন। তাদের হাতে বাড়তি কোন টাকাও নেই।’
এদিকে প্রচন্ড গরমের মধ্যে আটকে পড়া যাত্রীরা সকাল থেকে না খেয়ে আছেন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ‘আটকে পড়া যাত্রীদের দেশে ফেরত নেওয়ার ব্যাপারে সকাল থেকে কোন নতুন কোন নির্দেশনা পায়নি। তবে ভারতীয় ছাত্রদের ব্যাপারে নির্দেশনা আসতে পারে।’
তবে সোমবার বেলা ১২টার দিকে কোলকাতাস্থ ডেপুটি হাই কমিশনের অফিস সহকারি সাদিয়া শারমিন বদলি জনিত কারণে বিশেষ ছাড়পত্র নিয়ে পরিবার পরিজনসহ বাংলাদেশে প্রবেশ করলে ইমিগ্রেশন তাদেরকে প্রবেশের অনুমতি দেয়।
বার্তা বাজার/এসজে