হেফাজত নেতা মামুনুল হক জামিনে মুক্তি পেলে আবারও দেশে দাঙ্গা-হাঙ্গামাসহ জ্বালাও পোড়াওয়ের ঘটনা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) মোহাম্মদপুর থানায় দায়ের করা চুরি ও ভাঙচুর মামলায় আদালতে হাজির করা হয় মামুনুল হককে। তখন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক। আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।
প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল হক বলেন, আসামি মামুনুল হক মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তে জানা যায়, আসামি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ধর্মভীরু মুসলমানদের উসকে দিতেন। যার প্রেক্ষিতে এর আগে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী ঘটনা, জ্বলাও-পোড়াও, ভাংচুর ও হত্যাজনিত ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
বার্তা বাজার/এসজে