তাদের কি গ্রেফতার করা যাবে না: মির্জা ফখরুলকে তথ্যমন্ত্রী
সম্প্রতি করোনাকালে যেন হেফাজত নেতাকর্মীদের গ্রেফতার না করা হয় তার জন্য বিএনপি মহাসচিব মিরজা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানিয়েছেন। তার দাবিরে প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মহামারির মধ্যে যারা দুষ্কর্ম করে, তাদের কি গ্রেফতার করা যাবে না?’
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীওয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন গণমাধ্যম সংস্থার প্রতিনিধিদের করোনায় সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।
তথ্যমন্ত্রী বলেন, এই করোনা মহামারির মধ্যে একটি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, তাদের পক্ষে বিবৃতি দিচ্ছেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, করোনাকালে ব্যবসায় মন্দার অজুহাতে গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরিচ্যুতি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও আমার কাছে অগ্রহণযোগ্য। সম্প্রতি যেখানে চাকরিচ্যুতি হয়েছে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা চলছে এবং সাংবাদিক ইউনিয়নগুলো বিষয়টি সমাধানের চেষ্টা করছে। আশা করবো, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করার দিকেই কর্তৃপক্ষ যাবে, এই আমার প্রত্যাশা।
করোনাকালে জীবন বাজি রেখে কাজ করার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন। একইসাথে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য এবং এগুলো বিতরণের উদ্যোগের জন্য ডিইউজে নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
বার্তা বাজার/এসজে