করোনায় তাল হারিয়ে ভেঙে পড়েছে ভারত। সারা বিশ্বের সবসময়ের রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে প্রতিদিনই। দিনরাত রাজ করে শ্মশানের কর্মীরা পারছে না মরদেহ সৎকার করতে। গণচিতা সাজিয়ে একসাথে দাহ করা হচ্ছে অনেক মরদেহ।
এদিকে, শ্মশানে নেওয়ার জন্য পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স। তাই দেশটির উত্তর প্রদেশের আগ্রার এক ব্যক্তি নিজের বাবার মরদেহ প্রাইভেট কারের ছাদে বেঁধে নিয়ে যাচ্ছে। সোমবার (২৬ এপ্রিল) এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ছবিতে দেখা যায়, একটি লাল গাড়ির ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ, যিনি সম্প্রতি করোনায় মারা গেছেন। কিন্তু শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায়নি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে যান শেষকৃত্যের জন্য।
প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন। সূত্র: ইন্ডিয়া টুডে।
বার্তা বাজার/এসজে