বিশ্ববিদ্যালয়ের মাটি চুরিকালে ট্রাক্টর উল্টে যুবকের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শামসুজ্জোহা হলে পাশে ১০ বিঘা জমিতে খনন করা হচ্ছে বিশাল এক পুকুর। সেই পুকুরের মাটি কাছেই স্তুপ করে রাখার কথা থাকলেও হচ্ছে প্রতিনিয়ত চুরি। এবার সেই মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মেরাজ আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ মহানগরীর কিসমত কুখন্ডী এলাকার দুলাল হোসেনের ছেলে।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, মেরাজ বিশ্ববিদ্যালয়ের পুকুর খনন প্রকল্পে গাড়ির হিসাব রাখার দায়িত্বে ছিলেন। ভোরে মাটি নিয়ে যাওয়ার সময় মেরাজ ট্রাক্টরেই ছিলেন। ট্রাক্টরটির চাকা রাস্তার পাশের খাদে পড়ে যায়। ফলে ট্রাক্টরটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন মেরাজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ভোরে মেরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর দুপুরে মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মাসুদ রানা নামে এক টিকার পুকুর খননের কাজটি করছেন। শর্তমতে খননের পর পুকুরের পাড় বাঁধাই করে অতিরিক্ত মাটি পাশেই রাখার কথা। কিন্তু প্রতিনিয়ত মাটি চুরি করে নিয়ে যাচ্ছেন ঠিকাদার। এই মাটি নিয়ে যাওয়ার সময়ই মেরাজ মারা যান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর