দণ্ড বাড়ল পাপুলের

অর্থ, মানববপাচার ও দুর্নীতির দায়ে কুয়েতে কারান্তরীন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড বেড়েছে। আগের ৪ বছরের সাথে আরও ৩ বছর যুক্ত হয়ে মোট কারাদণ্ডের পরিমাণ হয়েছে ৭ বছর। একইসাথে ২০ লাখ কুয়েতি দিনার জরিমানাও করা হয় তাকে।

সোমবার (২৬ এপ্রিল) দেশটির একটি আদালতের আপিল বিভাগ তার কারাদণ্ড বাড়ানোর আদেশ দেন। বিষয়টি জানা গেছে কুয়েতের দৈনিক আল কাবাসের সূত্রে।

এর আগে দেশটিতে পাপুলের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অন্যটি করা হয় অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তাঁর চার বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত ৩ বছর কারাদণ্ড ও ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দিলেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনো বিচারাধীন।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় কাজী শহিদ ইসলাম পাপুলকে দণ্ড দেয় কুয়েতের আদালত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর