ই-কমার্সের মাধ্যমে টিসিবির পণ্য ঘরে পৌঁছে দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

টিসিবি ট্রাকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মধ্যবিত্ত শ্রেণির মানুষ যেন এ সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিক খেয়াল রেখে সরকার ই-কমার্সের সাহায্যে ভোজ্য তেল, চিনি ছোলা এবং ডাল এ কয়টি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) টিসিবি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ‘মাহে রমযানে ঘরে বসে স্বস্তির বাজার’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ-এর (টিসিবি)সহযোগিতায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এ কার্যক্রমটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, গত বছর অনলাইনে ১৬ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। এ ব্যাপারে সরকার ই-কমার্সকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার ই-কমার্সে দক্ষ জনবল নিয়োগ ও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। ই-কমার্স থেকে মানুষ যেন প্রতারিত না হয় সে বিষয়গুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করছে সরকার। চলমান করোনা পরিস্থিতিতে ই-কমার্সের জনপ্রিয়তা বাড়ছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শমী কায়সার। তার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন টিসিবির পরিচালক (যুগ্ম সচিব) মইন উদ্দিন আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশনের পরিচালক জিয়া আশরাফ, স্বপ্ন অন-লাইনের পরিচালক শাহেদুল ইসলাম, চালডালডটকম এর পরিচালক ইশরাত জাহান নাবিলা এবং ই-কমার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আবদুল ওয়াহেদ তমাল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর