মাদারীপুরের কালকিনিতে পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে বিষ খাওয়া অবস্থায় বাবাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে।
রোবরাব রাতে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ১০ বছর বয়সী নিহত রনি খৈয়ারভাঙ্গা এতিমখানা থেকে লেখাপড়া করতো।
কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আসফাক রাসেল জানান, সম্প্রতি মাদারীপুরের কালকিনির গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সাথে পরকীয়ায় সম্পর্ক গড়ে তোলে। দেড় মাস আগে মিনারা, রশিদের সাথে চলে যায়। পরে তোফাজ্জেলের মনের ভেতর শুরু হয় মানসিক যন্ত্রণা। লোকলজ্জার ভয়ে ছেলে ও নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করে তোফাজ্জেল। সেই অনুযায়ী রোববার রাত ১০টার দিকে তোফাজ্জেল ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করে বলে জানান পরিবারের লোকজন। পরে সে বিষ পান করে।
খবর পেয়ে পুলিশ এসে নিহত রনির মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাশাপাশি তোফাজ্জেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তোফাজ্জেলকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। প্রথমে তার অবস্থা খারাপ থাকলেও এখন কিছুটা উন্নতি হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি