পুরান ঢাকার আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- মামলার দুই ও তিন নম্বর আসামি মোস্তাফিজুর রহমান এবং আসামি মোহাম্মদ মোস্তফা। ঢাকা ও বগুড়ায় বিশেষ অভিযান পরিচালোনা করে তাদের গ্রেফতার করে র্যাব।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা দুজন বংশাল থানা মামলার দুই ও তিন নম্বর আসামি।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আজ বিকেলে ৪টায় র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজি মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন।
বার্তাবাজার/ই.এইচ.এম