মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে গোটা ভারত। পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন করোনা রোগীরা।
দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রত্যেক দিন সংক্রমণ ও আক্রান্তের নতুন রেকর্ড শুনতে পাচ্ছেন ভারতীয়রা। আর এমন মৃত্যুপুরীতে চলছে জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)।
বিষয়টি নিয়ে বিতর্কিত টুইট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন সাবেক অসি তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।
এবার একই প্রসঙ্গ নিয়ে কথা বললেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব বলেন, ‘ভারত এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের এখন আইপিএল বন্ধ করে দেওয়া উচিত। কারণ দেশটি পুড়ছে। তাই এটি পিছিয়ে দেওয়াই শ্রেয়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে দেওয়ায় আমি এটা বলছি না। আমি মনে করি, জুনে পিএসএলও হওয়া উচিত নয়। আমি বলতে চাচ্ছি জীবনের চেয়ে খেলা গুরুত্বপূর্ণ নয়। তাই আইপিএল বন্ধ করে এর পেছনে যে অর্থ খরচ হতো তা দিয়ে অক্সিজেন ট্যাংক কিনুন। এতে মরতে বসা মানুষগুলো বাঁচবে। সত্যিকার অর্থে আমাদের এখন ক্রিকেটীয় বিনোদন প্রয়োজন নেই। মানুষের জীবন থেকে আইপিএল ও পিএসএল বড়? শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে করা ভিডিওতে সবাইকে আরও সচেতন হতে পরমার্শ দেন। করেনা রোধে পাকিস্তানে কারফিউ জারির দাবিও জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা।
উল্লেখ্য, মহামারি করোনা দ্বিতীয় ঢেউয়ে নতুন স্ট্রেইনের সংক্রমণে অনেকটা নাকনি-চুবানি খাচ্ছে ভারত। প্রত্যেক দিন বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যু। শ্মশানে দিন রাত চিতা জ্বলছে। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সংকটে আছে দেশটি।
দেশটিতে সোমবার (২৬ এপ্রিল) প্রায় তিন হাজার জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
অনেক জায়গায় দেয়া হয়েছে নাইট কারফিউ। তার মধ্যেও আইপিএল নিয়ে উন্মাদনা অনেকটা দৃষ্টিকটূ লাগছে শোয়েবসহ বিশ্ববাসীর কাছে।
বার্তাবাজার/ই.এইচ.এম