টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে আ.লীগ নেত্রীর মৃত্যু

টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা সাহা (৬৫)। রোববার ২৫ (এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামাল হোসেন।

সুলতানা ব্রাহ্মণবাড়িয়া সদরের পাইকপাড়ার কিরণ চন্দ্র সাহার স্ত্রী। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। বর্তমান ক্ষমতাসীন দল যখন বিরোধী দলে ছিল তখন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার স্বামী সামান্য বেতনে একটি ফ্লাওয়ার মিলে অফিস সহায়ক পদে চাকরি করেন।

জানা যায়, সুলতানার সংসারে অভব-অনটন নিত্যদিনের সঙ্গী ছিল। একমাত্র ছেলেও মানসিক প্রতিবন্ধী হওয়ায় কিরণ-সুলতানা দম্পতির কষ্টের শেষ ছিল না।

সুলতানা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ এপ্রিল বাড়ির আঙিনায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় সুলতানার। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওষুধ কেনার সামর্থ্য ছিল না সুলতানার পরিবারের।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত ব্যক্তিগতভাবে তাকে সহায়তা করেন। চিকিৎসকরা সুলতানাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, আমি সবসময় আমার সাধ্যমতো সুলতানা সাহার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ারও প্রস্তুতি চলছিল। তবে তার আগেই তিনি মারা গেলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর