পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা প্রথমে তিন সদস্যের কমিটি ঘোষণা করেন। এর কয়েক ঘণ্টার পরে রোববার রাতে হেফাজত নেতারা ফেসবুক লাইভে এসে আরো নতুন দুই নেতার নাম প্রকাশ করেন।
এই পাঁচ জনের বাইরে আরো কয়েকজনেকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে তাদের নাম জানা যাবে আজ। হেফাজত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকালের ঘোষিত আহ্বায়ক কমিটি মানতে রাজি নন হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা শফিপুত্র আনাসপন্থীরা। তারা বলছেন, শীঘ্রই হেফাজতের নতুন কমিটি ঘোষণা করা হবে।
নতুন কমিটিকে অস্বীকার করে হেফাজত ইসলামের পূর্বের কমিটির যুগ্ম মহাসচিব (আহমদ শফীপন্থী) মঈনুদ্দীন রুহী বলেন, শিগগিরই তারা আহবায়ক কমিটি ঘোষণা করবেন। সেখানে বিতর্কিতদের বাদ দেওয়া হবে। আর নতুন কমিটি হয়নি বলেও দাবি জানান তিনি।
এদিকে গেল বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। সেখানে আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর অনুসারী কাউকেই রাখা হয়নি। এরপর থেকে তারা এই কমিটিকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে আসছেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ করায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে। হেফাজতের বিক্ষোভের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতা কর্মীদের নামে অন্তত ৭৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে।
এসব মামলায় প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মী ও সমর্থকেরা গ্রেফতার হচ্ছেন। এর মধ্যে রোববার পর্যন্ত সংগঠনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন সংগঠনের অন্যতম দুই শীর্ষ নেতা অধ্যাপক আহমদ আবদুল কাদের ও মামুনুল হক। এই পরিস্থিতিতে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দিলেন বাবুনগরী।
বার্তাবাজার/ই.এইচ.এম