পুলিশের ডিআইজির অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছিলাম: মামুনুল

পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রিমান্ড শুনানি চলাকালে হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে বিচারক জিজ্ঞাসা করেন, আপনার কিছু বলার আছে?

বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নেতা মামুনুল হক উত্তরে বলেন, বায়তুল মোকাররমের ঘটনার দিন আমি বাংলাবাজার মসজিদে ইমামতি করছিলাম নামাজ বাদ মসজিদেই বসে ছিলাম। ওই সময় পুলিশের এক ডিআইজি আমাকে ফোন করে বলেন, মামুনুল হক সাহেব আমরা তো বিপদে আছি। বায়তুল মোকাররমে আপনাদের কর্মীদের সাথে আমাদের পুলিশের সংঘর্ষ চলছে। মসজিদের ভেতরে আপনাদের অনেকে আটকা আছে। আপনি যদি সেখানে যেতেন তাহলে ভালো হতো। আমি তার অনুরোধে বায়তুল মোকাররমে যাই।

এরপর ২ মামলায় মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্মদপুর ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে সোমবার (২৬ এপ্রিল) আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে। এদিন মতিঝিল ও পল্টন থানার পৃথক ২ মামলায় তার ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ড আবেদন করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা।

শুনানি শেষে পল্টন থানার মামলায় ৪ দিন ও মতিঝিল থানার মামলায় ৩ দিন করে মোট ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ মামুনুলের গ্রেফতার ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

জানা যায়, মোহাম্মদপুর থানায় করা চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের ১৯ এপ্রিল সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়।

এছাড়া চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় আরেকটি মামলা করা হয়।

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর