লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী আব্দুর রহিমকে বদলির হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেলের বিরুদ্ধে।
ওই সহকারী প্রকৌশলীর অভিযোগ, রুবেলের ঠিকাদারি কাজে অনিয়ম ধরলে তাকে খাগড়াছড়ি বদলির হুমকি দেয়া হয়। তবে যুবলীগ নেতা আবু নাঈম জাহাঙ্গীর রুবেল বদলির হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করেন।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট থেকে মোল্লারবাজার পর্যন্ত এলজিইডি’র আওতায় ২৫শ’ মিটার সড়ক পাকাকরণের ঠিকাদারি দায়িত্ব পেয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেল। ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ওই সড়কের তদারকির দায়িত্বে রয়েছেন পাটগ্রাম এলজিইডি’র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম।
সহকারী প্রকৌশলী আব্দুর রহিমের অভিযোগ, সড়ক নির্মাণে নির্মাণের ইট ব্যবহারের পাশাপাশি কাজে ঠিকাদারের নানা অনিয়ম তিনি ধরিয়ে দেয়। এতে যুবলীগ নেতা রুবেল ক্ষিপ্ত হয়ে সাবেক একজন মন্ত্রীর নাম ভাঙিয়ে তাকে খাগড়াছড়ি বদলির হুমকি দেন। তার হুমকি-দমকির কারণে সরকারি কাজে তদারকির করতে সমস্যা হচ্ছে।
তবে সহকারী প্রকৌশলী আব্দুর রহিমকে বদলির হুমকির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে যুবলীগ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেল বলেন, টাকা পেলে ৩ নম্বর ইট ১ নম্বর ইট হয়ে যায়। টাকা না দিলেই যত অভিযোগ। আমি যুবলীগরে সম্পাদক হিসেবে দলীয় প্রভাবে নয়, একজন ঠিকাদার হিসেবে সকল নিয়ম মেনেই কাজ করছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বললে আমার কাজের মান কেমন হয় জানতে পাবেন।
পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহাবুব-উল-আলম বলেন, ওই সড়ক নির্মাণে অনিয়মের পাশাপাশি সহকারী প্রকৌশলীকে বদলির হুমকি দেয়া হয়েছে কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/পি