হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জুনায়েদ বাবুনগরী। রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। কিন্তু এর মাত্র আধা ঘণ্টা পরেই প্রয়াত আমির শাহ আহমদ শফীর আমলে থাকা কমিটির যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী নতুন কমিটি ঘোষণা দেন।
আহমদ শফীর নীতির আদর্শে হেফাজতে ইসলামের নতুন কমিটি করা হবে জানিয়ে রুহী বলেন, গত ২০২০ সালের ১৫ নভেম্বর কাউন্সিলের নামে একটি সিন্ডিকেট কমিটি গঠন করা হয়েছিল। আমি বারবার বলেছি, এটা একটা অবৈধ কমিটি। হেফাজতের মূল লক্ষ্য উদ্দেশকে বিসর্জন দিয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি গঠনের সাড়ে চার মাসের মাথায় এসে বাস্তবতাকে উপলব্ধি করে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আমি এ কমিটি বিলুপ্ত করার ঘোষণাকে স্বাগত জানাই।
তিনি বলেন, আমরা শিগগিরই আল্লামা আহমদ শফী সাহেবের নীতি ও আদর্শের হেফাজতে ইসলাম গঠন করব। কওমি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। যেকোনো পরিস্থিতিতে আল্লামা আহমদ শফী সাহেবের নীতি আদর্শকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আশা করি দেশবাসী আমাদের সঙ্গে থাকবেন।’
এর আগে রাত ১১তায় জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হেফাজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে