বিস্কুট খাওয়ায় শিশুকে গলা টিপে হত্যা!

বিস্কুট খেয়ে ফেলায় নাটোরের নলডাঙ্গায় আহসান হাবিব (৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছে তারই চাচাতো ভাই আসিফ হোসেন (১৫)। পুলিশ আসিফ হোসেনকে ইতোমধ্যে আটক করেছে। ঘটনাটি রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়িতে ঘটে।

ঘটনা ধামাচাপা দিতে ওই শিশুর মরদেহ পার্শ্ববর্তী ভুট্টার ক্ষেতে রেখে আসে আসিফ। পরে রাতে নিজেই স্বজনদের খবর দেয় আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছ না। তার সন্ধানে তাৎক্ষণিকভাবে এলাকায় মাইকিং করা হয়। এক পর্যায়ে আহসান হাবিবের বাবা ওই বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান।

এ সময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার দায় স্বীকার করে সে। তার কথামতো ভুট্টাক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে। নিহত আহসান হাবিব ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। ঘাতক আসিফ একই গ্রামের মো. নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক আসিফকে আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর