দেশের ভোজ্যতেলের বাজার এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এতদাম আগে কখনও হয়নি নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। কিন্তু তারপরও দাম বাড়াতে চাইছে ভোজ্যতেলের উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো। গড়ে প্রতি লিটারে দাম বাড়তে পারে আরও ৫ টাকা করে।
বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা ও সুপার পাম ১১৩ টাকা খুচরা দাম নির্ধারণ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারীদের সংগঠন।
ভোজ্যতেল পরিশোধনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ১৯ এপ্রিল ওই চিঠি দেয়। নিয়ম অনুযায়ী, ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে তা ট্যারিফ কমিশনকে জানাতে হয়। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি ১৫ দিন পর নতুন দাম ঠিক করার কথা ছিল বলে ব্যবসায়ীরা জানান।
সংগঠনের চিঠিতে জানানো হয়, নতুন করে সর্বোচ্চ খূচরা মূল্য হবে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৪৪ টাকা ও খোলা সয়াবিন তেল ১২২ টাকা। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৬৮৫ টাকা। সুপার পাম প্রতি লিটার ১১৩ টাকা করার কথা উল্লেখ করা হয় চিঠিতে। প্রস্তাব অনুযায়ী নতুন দরে খোলা ও বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৫ টাকা বাড়বে। পাঁচ লিটারের বোতলে বাড়বে ৫৫ টাকা। পাম সুপার তেলের দাম বাড়বে লিটারে ৪ টাকা।
ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, গত ১০ মার্চ দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করেছে ট্যারিফ কমিশন। এরপরেও বিশ্ববাজারের দাম বাড়ছে। এ কারণে নতুন দর নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয়েছে। দু’এক দিনের মধ্যেই নতুন দর বাজার পর্যায়ে কার্যকর হবে বলে জানান তিনি।
বার্তা বাজার/এসজে