ভারতের আলোচিত বাবরি মসজিদের কথা বলে বিদেশ থেকে হেফাজত নেতা মামুনুল হক প্রচুর টাকা এনেছেন বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. হারুন অর রশিদ। মামুনুল হকের ফোনে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আসা এসব টাকা পয়সা মামুনুল হক বাংলাদেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় উগ্রবাদী কাজে জড়িত ব্যক্তিদের পেছনে খরচ করেছেন বলেও জানান তিনি।
রোববার (২৫ এপ্রিল) বিকালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ডিসি হারুন।
তিনি বলেন, আমরা রিমান্ডে আনার পর তার মোবাইলটি উদ্ধার করি। ওই মোবাইলে আমরা অনেক তথ্য পেয়েছি। বিশেষ করে- কাতার, দুবাই এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে তার কাছে বিপুল পরিমাণ টাকা এসেছে। সে প্রমাণ মোবাইলে পাওয়া গেছে। এসব টাকা সে বিকাশেও এনেছে।
তিনি আরও বলেন, মামুনুল হক বাবরি মসজিদের কথা বলে এসব টাকা আনতেন। কারণ তিনি জানতেন বাবরি মসজিদের কথা বললে একটা ইসলামিক সেন্টিমেন্ট তৈরি হবে। একারণে বাবরি মসজিদের নাম দিয়ে তিনি কোটি কোটি টাকা এনেছেন। এসব টাকা তিনি বাংলাদেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় উগ্রবাদী কাজে জড়িত ব্যক্তিদের ম্যানেজ করতে খরচ করেছেন।
বার্তা বাজার/এসজে