বিশ্বের ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমের বিকল্প অ্যাপের ঘোষণা দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তারা তাদের নিজস্ব প্রকৌশলীদের উদ্ভাবিত ‘বৈঠক’ নামের অ্যাপ এর অইরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। রোববার (২৫ এপ্রিল) ‘বৈঠক’ অ্যাপের বেটা সংস্করণ ভিডিও কনফারেন্সে ব্যবহারের জন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধাব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্যই হয়ে উঠেছে প্রধান চালিকাশক্তি। আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনায় তৈরি বৈঠক প্ল্যাটফর্মটি বাংলাদেশের সফটওয়্যার শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করতে না পারলে বহুমাত্রিক উপযোগিতা থেকে আমরা বঞ্চিত হবে। ডাটা সিকিউরিটি নিয়ে আমাদের সব সময় সজাগ থাকতে হবে। মন্ত্রণালয়ের কাজকর্ম সঠিকভাবে এগিয়ে নিতে এবং সার্বিক যোগাযোগ আরো বেগবান করতে বৈঠক প্লাটফরমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বৈঠক ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশের এক নতুন মাইলফলক। তিনি বলেন, বৈঠক প্ল্যাটফর্মটি হোস্ট করা হয়েছে আমাদের নিজস্ব ন্যাশনাল ডাটা সেন্টারে। ফলে বৈঠকে যে ভিডিও, তথ্য শেয়ার করা হবে সব কিছুই আমাদের বাংলাদেশেই থাকবে। জুমের বিকল্প হবে সরকারি অ্যাপ ‘বৈঠক’।
তিনি আরো বলেন, বৈঠক প্ল্যাটফর্মের বেটা ভার্সন ব্যবহারের মাধ্যমে যে সকল পরামর্শ পাওয়া যাবে সেগুলোকে অন্তর্ভুক্ত করে ‘বৈঠক’ ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি শিগগিরই সকলের জন্য উন্মুক্ত করা হবে।
‘বৈঠক’ প্লাটফর্মের সকল তথ্য বাংলাদেশের অভ্যন্তরে সঞ্চালিত হয় এবং রেকর্ডিংসমূহ বিসিসি’র জাতীয় ডাটা সেন্টারে রক্ষিত হয়, ফলে বাংলাদেশ সরকারের যেকোনো ভিডিও কনফারেন্সের তথ্যসমূহের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
বার্তাবাজার/ভিএস