হেফাজতের নতুন কমিটিতে মামুনুল হকরা বাদ
হেফাজতে ইসলামের নতুন কমিটিতে রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দেওয়া হবে। ইতোমধ্যে বিলুপ্ত করা হয়েছে বর্তমান কেন্দ্রীয় কমিটি। রোববার (২৫ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় কমিটি বিলুপ্তের ঘোষণা দেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী।
এ বিষয়ে সংগঠনের সদ্য সাবেক হওয়া যুগ্ম মহাসচিব মাওলান নাসির উদ্দিন জানান, সংগঠনটি থেকে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করা হবে। একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সহিংস আন্দোলে যায় হেফাজতের নেতাকর্মীরা। তখন দেশজুড়ে অন্তত ১৭ জন নিহতের পাশাপাশি হামলা হয় অনেক স্থাপনায়। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত হেফাজতের বেশিরভাগ প্রভাবশালী নেতাকে গ্রেফতার করা হয়েছে।
তবে বেশ কয়েকদিন ধরেই সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করে সমঝোতার চেষ্টা চালিয়ে আসছিল সংগঠনটি। তবে তাদের সব আশা গুঁড়েবালি করে দিয়ে রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অপরাধের জন্য হেফাজতকে শাস্তি পেতেই হবে। এরপর রাতেই ঘোষণা আসে কমিটি বিলুপ্তের।
বার্তা বাজার/এসজে