হেফাজতের ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগটনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা থেকে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় সহিংস আন্দোলনে জড়ায় হেফাজত নেতাকর্মীরা। এসব ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে বেশিরভাগ শীর্ষ নেতা গ্রেফতার হয়েছে।
এছাড়া, সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করে সমঝোতায় আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন অপরাধের জন্য হেফাজতকে শাস্তি ভোগ করতেই হবে।
বার্তা বাজার/এসজে