করোনায় কাবু ভারতবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন নুর

করোনার ভয়াবহতায় কোণঠাসা ভারতের মানুষজনের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও আলোচিত ছাত্রনেতা নুরুল হক নুর। এই মুহূর্তে বাংলাদেশের উচিৎ মেডিকেল টিম নিয়ে ভারতের পাশে দাঁড়ানো বলে তিনি মন্তব্য করেছেন।

রোববার (২৫ এপ্রিল) বিকালে নিজের এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।

নূর লিখেন, ভারতে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট যা খুবই শক্তিশালী, হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে রোগীর ভীড়, সেবা দেওয়ার মতো অবস্থা নেই। নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে সামর্থ্য অনুযায়ী অক্সিজেন, চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে বাংলাদেশের উচিৎ ভারতের পাশে দাঁড়ানো।

তার মতে, ভারতের এই বিপর্যয় থেকে বাংলাদেশ শিক্ষা না নিলে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হতে পারে। বিশেষ করে ভারতের সাথে স্থল, নৌ ও বিমান যোগাযোগের ক্ষেত্রে সতর্ক না হলে খুব সহজেই ভারতের এই মরণঘাতী ভ্যারিয়ান্ট বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ভারতে মুসলমানরা কোথাও কোথাও মসজিদকে হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট। শশ্মান, গোরস্থানে লাশের সারি। দিল্লির হাইকোর্ট মোদি সরকারকে ভিক্ষা করে হলেও অক্সিজেনের ব্যবস্থা করতে বলেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর