সরকারের কাছে টাকা চায় পোশাক কারখানার মালিকরা

এপ্রিল, মে ও জুন এই তিন মাসে শ্রমিকদের পাওনা বকেয়া ও বোনাস পরিশোধের জন্য গতবারের মত এবারও সরকারের কাছে ঋণ চায় দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তাদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পক্ষ থেকে রোববার (২৫ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে চিঠি দিয়ে ঋণ দেওয়ার অনুরোধ করেছেন। চিঠিতে স্বাক্ষর করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন।

প্রেরিত চিঠির অনুলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরও। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম।

চিঠিতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিশ্বের অনেক দেশই আগের মতো লকডাউনে রয়েছে। ফলে যেসব ক্রেতা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও এখন অপারগতা প্রকাশ করছে। এমন অবস্থায় ঈদের আগে সচল কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস প্রদানের জন্য মালিকদের ওপর প্রচণ্ড চাপ রয়েছে।

তারা বলেন, আর্থিক সংকটের কারণে শ্রমিকের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে অর্থের জোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রপ্তানিমুখী পোশাকশিল্পকে সহায়তা করার জন্য শ্রমিক-কর্মচারীদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতা ও বোনাস দেওয়ার জন্য আগের মতো সহজ শর্তে ঋণ দেওয়া প্রয়োজন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর