নিষিদ্ধ করা হলো কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের রাজনীতি

সম্প্রতি হেফাজতের ইসলামের নেতাকর্মীদের সহিংস আন্দোলনে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কওমি মাদ্রাসায় সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া সকল কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ও আলেমদের মুক্তির দাবি জানানো হয়।

পাশাপাশি আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানদের হয়রানি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এছাড়া সভায় ঠিক হয়, কওমি মাদরাসা সম্পর্কিত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবে আল-হাইআতুল উলয়া।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আল-হাইআতুল উলয়ার অধীন এক বা একাধিক বোর্ড কিংবা কোনো সংগঠন বা ব্যক্তি আল-হাইআতুল উলয়ার সিদ্ধান্ত ব্যতীত পৃথকভাবে কওমি মাদরাসা বিষয়ক কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ বা উদ্যোগ নিতে পারবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর