স্বাস্থ্যবিধি না মানলে বাংলাদেশেরো করোনা পরিস্থিতি খুব শীঘ্রই ভারতের মত ভয়ংকর হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে যে ভ্যারিয়েন্ট চলে এসেছে সেটাকে অত্যন্ত মারাত্ম বলেও উল্লেখ করা হয়েছে। ভাইরাসটির নতুন এই প্রকারের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা তিন’শ গুন বেশি রয়েছে।
রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন ব্রিফিং-এ এইসব মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মোহাম্মদ রোবেদ আমিন,
তিনি বলেন, আমরা যদি কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন না করি, তাহলে আমাদের চিত্র পার্শ্ববর্তী দেশের মতো ভয়ঙ্কর হয়ে যেতে পারে। ভারতের ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে আসতে না পারে সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার সহযোগিতা চাওয়া হচ্ছে।
রোবেদ আমিন বলেন, কোয়ারেন্টাইন অবশ্যই ১৪ দিন হতে হবে। এর কমে কোয়ারেন্টাইন অসম্ভব। কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর একমাত্র প্রতিষ্ঠান নয়, এতে আরও অনেক মন্ত্রণালয়-অধিদপ্তরের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি মেনে চলতেই হবে। আজ থেকে সীমিত আকারে দোকান-পাট, শপিং মল খুলে দেওয়া হচ্ছে এবং গণপরিবহন চালুর বিষয়েও সরকার চিন্তা-ভাবনা করছে। এ অবস্থায় জনগণকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
বার্তা বাজার/এসজে