চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে আসলাম আলী(৪৫) ও ফাতেমা খাতুন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় উদ্ধার করা হয় ৫০৮ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন।
রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিক পাড়া ও সদর উপজেলার হাতি কাটা মোড় পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আসলাম আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন মল্লিক পাড়ার আশরাফ আলীর ছেলে আসলাম ও হাড়িকাট গ্রামের মোড় পাড়ার সুরুজ আলীর স্ত্রী ফাতেমা খাতুন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক শরীয়ত উল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরাতন মল্লিক পাড়া ও হাতিকাটা মোড় পাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে তাদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে তাদের বসতবাড়ির ভিতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৫০৮ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে আসলাম আলীকে মাদকদ্রব্য আইনে ৪ মাসের জেল ও ৫শ’ টাকা জরিমানা করা হয় ও অপর আসামী ফাতেমা খাতুনকে উদ্ধারকৃত বুপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে ৬টি মামলা রয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) তাদেরকে চুয়াডাঙ্গা আমলী আদালতে তোলা হবে।
অভিযানে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিনসহ ৯ সদস্যের একটি দল।
বার্তাবাজার/পি