ভারত থেকে আগত ১৪ যাত্রী হোম কোয়ারেন্টাইনে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে আগত ১৪ যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত দেন। আগত যাত্রীদের সবাই বাংলাদেশী।
এদের মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছে। ভারত ফেরত যাত্রীদের মধ্যে দু’জন দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকীদের মধ্যে একজন চাকুরী সূত্রে পরিবার নিয়ে ভারতে থাকেন এবং অন্যরা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সকাল ৯টা থেকে ভারতের ত্রিপুরা হয়ে আগরতলা চেকপোস্ট দিয়ে এসব যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করেন।
তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসায় বেলা আড়াইটা পর্যন্ত তাদেরকে বসিয়ে রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা দুইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম এবং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, আখাউড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান চেকপোষ্টে আসেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে বেলা আড়াইটার দিকে ভারত ফেরত যাত্রীদেরকে ৩ দিনের হোম কোয়ারেন্টাইনের শর্তে নিজ নিজ বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভারত থেকে বাংলাদেশে আসা ৪ ভারতীয় নাগরিককেও কর্মস্থলে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মো: একরাম উল্লাহ বলেন, আখাউড়া চেকপোষ্ট দিকে যাতযায়াতকারী যাত্রীদের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা মতে নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক অথবা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কাউকে কাউকে হাসপাতালেও পাঠাতে হয়। তবে সেটা নির্ভর করে তার মেডিকেল গ্রাউন্ডের উপর।
এ চেকপোষ্ট দিয়ে আগত ১৪ জনের সবার আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ থাকায় কোয়ারেন্টাইনের শর্ত পূরণ করে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের করোনার উপসর্গ পাওয়া যাবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এজন্য আখাউড়ায় একটি এবং ব্রাহ্মণবাড়িয়ায় একটি হোটেল প্রস্তুত রাখা হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি