২ সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধ

পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বিশেষজ্ঞরাও ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার আহ্বান জানান।

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ভবিষৎ বিপর্যয় রোধকল্পে এখনই ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া উচিত। এ ব্যাপারে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন সরকারের ওপরের মহল থেকে সিদ্ধান্ত এলেই বাস্তবায়ন হবে।

এছাড়া দেশে ভারতের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন কোনো নিশ্চিত খবর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বলে জানান সংস্থটির মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম। তবে দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা তিনি গণমাধ্যমেই জেনেছেন।

তিনি আরও জানান, মে মাসের শুরুর দিকেই করোনা ভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর