ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ বলেছেন, পাকিস্তানের একটি গোষ্ঠীর সঙ্গে মামুনুল হকের সম্পৃক্ততা ছিল।
রোববার (২৫ এপ্রিল) মামুনুল হকের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মামুনুল হক ২০০৫ সালে পাকিস্তানে গিয়েছিলেন। সেখান থেকে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ, বোমা হামলা ও সহিংসতার ঘটনা ঘটান। এছাড়া সরকারকে উৎখাতের জন্য সব ধরনের পরিকল্পনাও করেন মামুনুল হক।
তিন আরো বলেন, মামুনুল হক পাকিস্তানে ৪০ দিন অবস্থান করে এবং সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফিরেন।
হারুন-অর-রশীদ বলেন, মাদরাসার ছাত্রদের ব্যবহার করে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন। মামুনুল হক হেফাজতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতা হাসিল করার চেষ্টা করেছেন। এছাড়া তিনি রিমান্ডে শাপলা চত্বরে যাওয়া থেকে শুরু করে অনেক কথার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। বিভিন্ন বক্তব্যের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাইলে দিতে পারেনি মামুনুল।
বার্তাবাজার/ই.এইচ.এম