ডিবি হেফাজতে নেয়া হয়েছে মামুনুলের দ্বিতীয় স্ত্রী ঝর্ণার বাবাকে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে থানা থেকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ডিবি পুলিশের একটি দল ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এরআগে শনিবার(২৪ এপ্রিল) দিবাগত রাত ১০ টার দিকে তার নিজ বাড়ি উপজেলার কামারগ্রাম থেকে থানায় আনা হয়। জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড কামারগ্রামের সভাপতি।

রবিবার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘ওলিয়ার রহমানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডিএমপির ডিবি পুলিশ তাদের মামলার তদন্তের স্বার্থে তার (ওলিয়ার) সঙ্গে কথা বলবে বলে তাকে থানায় আনা হয়েছিল। পরে ডিবির একটি দল ওলিয়ার রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। যতটুকু জানি মামলার তদন্তের স্বার্থে তাকে ঢাকায় নিয়ে গেছে।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হয়। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা। তখন হেফাজত নেতা মামুনুল হক তাকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। গত রবিবার হেফাজতের এই নেতাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরের দিন আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। আজ তা শেষ হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর