সাংবাদিকদের ২ কোটি টাকা সহায়তা দিবে সরকার: তথ্যমন্ত্রী
মহামারি করোনাকালে কোনো সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা অগ্রহণযোগ্য এবং দুঃখজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইতিমধ্যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে ফিরিয়ে নেয়ার অনুরোধ যানাচ্ছি।
রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, এখন করোনার দ্বিতীয় ঢেউ রোধে দেশে লকডাউন চলছে। এরই মধ্যে দেশের গণমাধ্যম কর্মীদের কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করলাম। আপাতত ২ হাজার সাংবাদিককে ২ কোটি টাকা সহায়তা করব, প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হবে।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য ২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের সাহায্য করা হচ্ছে। এই মহামারি করোনার মধ্যে যারা চাকরি হারিয়েছেন বা বেতন পাচ্ছিলেন না তাদের সাহায্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কল্যাণ ট্রাস্টের বৈঠক করতে সিদ্ধান্ত নিয়েছিলাম।
বার্তাবাজার/ই.এইচ.এম