হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নেয়া হয়েছে বলে জানা যায়।
শনিবার (২৪ এপ্রিল) রাতে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়।
জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য ছিলেন। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। কিন্তু সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঝর্ণার মা শিরিনা বেগম জানান, রাতে তাকে ওসি সাহেব ও পুলিশ এসে নিয়ে গেছে। কিন্তু কেন নিয়ে গেছেন সে ব্যাপারে কিছু বলেননি।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, শনিবার রাত সাড়ে ৯টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে ফোন করেছিলেন, বললেন উনার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে। কিন্তু পরে তিনি আর আমাকে নেননি। গ্রেফতার করা হয়েছে কিনা জানি না। তবে থানায় নেয়া হয়েছে শুনেছি। আর কিছু জানি না।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এমনিতেই তাকে থানায় আনা হয়েছে। গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ কিছুই না। ঢাকা থেকে টিম আসবে কথাবার্তার জন্য।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম