আশুলিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আসাদুজ্জামান জলিল (২৪) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসে বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।
জানা যায়, আসাদুজ্জামান জলিল রংপুর জেলার পিরগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে প্রেম সর্ম্পক ছিল জলিলের। শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অবস্থিত প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসেছিলেন জলিল। পরে তরুণীর পরিবারের কাছ থেকে খারাপ আচরণ পেয়ে জলিল তার হাতে থাকা বিষ পান করেন।
পরে স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বার্তাবাজার/ই.এইচ.এম