প্রাক্তন স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আজিজুল হক সবুজ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) যশোর কোতয়ালী থানা পুলিশ গভীর রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা রোডের হাফিজিয়া মাদরাসার পাশ থেকে তাকে আটক করে।
জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী যশোর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
অভিযুক্ত আজিজুল হক সবুজ পুলিশের এসআই পদে কর্মরত রয়েছেন বলেও জানা যায়। তিনি ঢাকা এপিবিএন থেকে সদ্য পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আজিজুল হক সবুজের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। আজিজুল এর আগেও তিনটি বিয়ে করেছেন। চাকরির সুবাদে আজিজ কর্মস্থলে থাকতেন। মাঝে মাঝে যশোরে বাদীর বসতবাড়িতে আসতেন এবং তারা অন্য দম্পতিদের মতো বসবাস করতেন।
ওই নারী বলেন, আজিজুল ২০২০ সালের ১৪ ডিসেম্বর সাতক্ষীরায় আরেক মেয়েকে বিয়ে করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি আমাকে তালাক দেয়। এরপর গত শুক্রবার রাত প্রায় একটার দিকে আজিজ আমার ঘরের দরজায় নক করলে আমি দরজা খোলামাত্র তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এবং আমাকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন। পরে আজিজ ওয়াশরুমে গেলে আমি ৯৯৯ নাম্বারে ফোন দেই। পরে কোতয়ালী থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে পুলিশের এসআই আজিজুল হক সবুজ শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জরুরি সেবার ৯৯৯ নাম্বার থেকে খবর পেয়ে আমরা দুইজনকে থানায় নিয়ে আসি। কিন্তু ওই নারী মামলা করতে রাজি ছিলেন না। আপস করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ধর্ষণের অভিযোগ আপসযোগ্য না। সেই কারণে মামলা হয়েছে। আজিজকে রোববার আদালতে হাজির করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম