ভিন্ন জাতের বেগুনি ধান চাষে সফল হয়েছেন কৃষক

নরসিংদীর রায়পুরায় ভিন্ন জাতের বেগুনি রঙের ধান চাষ করে সফল হয়েছেন চাষী সাদেক মিয়া। বেগুনি পাতায় আবৃত ধান ক্ষেত দেখতে খুব সুন্দর। নতুন প্রজাতির ধান হওয়ায় উপজেলার মির্জানগর গ্রামের সাদেক মিয়া খুব আগ্রহ নিয়ে চাষ করেছেন এই বেগুনি ধান।

সবুজের মাঝখানে বেগুনি রঙের ধান ক্ষেত দেখতে মনোমুগ্ধকর। চোখ ধাঁধানো অপরূপ সবুজের মাঠে বেগুনি ধানের মাঠ। দুর দুরান্ত থেকে লোকজন আসছে এই বেগুনি ধানক্ষেত দেখতে। কেউ বা ছবি তুলছেন আবার কেউবা এই ধান চাষের গল্প শুনতে আসছেন। অনেকে আবার এই ধান চাষের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

বেগুনি ধান চাষী সাদেক মিয়া জানান, দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে কৃষি কাজে মনোনিবেশ করেন। ইন্টারনেটের মাধ‍্যমে বেগুনি ধান দেখে এই বেগুনি ধান চাষের প্রতি আগ্রহ প্রকাশ করি। পরে কৃষি অফিসের মাধ‍্যমে এই বেগুনি ধানের বীজ সংগ্রহ করি। এই প্রথম বেগুনি জাতের ধান চাষ করেছি। ২৮ শতাংশ জমিতে এই ধান চাষ করেছি। এ থেকে প্রায় ২০ মণ ধান পাওয়ার আশা করছি। এই ধানের বীজ সংগ্রহ করে কৃষকের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি।

তিনি বলেন, অনেক কৃষক এরই মধ‍্যে ধানের বীজ চেয়েছেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহতাজ মাহমুদ বলেন, বেগুনি রঙের হওয়ায় এবং পুষ্টিগুন সমৃদ্ধ হওয়ায় সৌন্দর্যের পাশাপাশি বাজারে এই ধানের যথেষ্ট চাহিদাও রয়েছে। এর চাল ও হাল্কা বেগুনি বলে জানান তিনি।

এ বিষয়ে রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, এই বেগুনি ধানের বীজ উৎপাদন হয় চীন দেশে। এই বেগুনি ধানের ভাত চীনের রাজপরিবারের লোকজন খেত। তিনি বলেন এই ধান অধিক পুষ্টিগুন সমৃদ্ধ। পুষ্টিগুণে ভরা এবং ধানের পাতার রং বেগুনি হওয়ায় অনেক কৃষকের মনে আগ্রহ বাড়ছে বেগুনি ধান চাষের প্রতি।

তিনি বলেন, এই ধান চাষের প্রতি কৃষক সাদেক মিয়ার আগ্রহ দেখে কৃষি বিভাগের মাধ‍্যমে আমরা তাকে এই বীজ সরবরাহ করি।এই ধানের বীজের অনেক চাহিদা আছে। কৃষকরা এই বেগুনি ধানের বীজ বিক্রি করে ও অনেক লাভবান হতে পারবে। রায়পুরা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়েছে।

একে এম রেজাউল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর