ইরফান সেলিমের জামিন নিয়ে আপিলে শুনানি আজ

রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আজ।

রোববার (২৫ এপ্রিল) হাইকোর্ট বিভাগের জামিন স্থগিত রাখতে রাষ্ট্রপক্ষের আবেদন এবং হাইকোর্ট বিভাগের জামিন স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের আবেদন এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ২২ এপ্রিল শুনানির এই দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আর ইরফান সেলিমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের ঘটনায় করা মামলায় হাইকোর্ট গত ১৮ মার্চ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে রায় দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। গত ২৮ মার্চ ইরফান সেলিমের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার। এ সময় পরে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসবে বলে জানান আদালত। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি উত্থাপিত হলে আদালত ২৫ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

২০২০ সালের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। গাড়িতে ইরফান ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। এ সময় হাজী সেলিমের গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করেন। ঘটনার পরদিন ২৬ অক্টোবর সকালে বাদী হয়ে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ ধানমন্ডি মডেল থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’র মামলা করেন। ইরফানসহ চারজন ও অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এরপর সে দিনই ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ইরফান সেলিম ঢাকার আদালতে জামিনের আবেদন করলে ওই আদালত গত বছরের ২৭ ডিসেম্বর তা খারিজ করে দেন।

এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর