রামদা দিয়ে বাস চালককে গলা কেটে হত্যা করলো ভ্যান চালক

ঢাকার সাভারে বাড়ি থেকে ডেকে এনে রাজিব শেখ (২৬) নামের এক বাস চালককে গলা কেটে হত্যা করেছে এক ভ্যান চালক।

রবিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ভ্যান চালক নাজিম মন্ডলকে আটক করেছে পুলিশ।

নিহত ওই বাস চালকের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামে। আটক হত্যাকারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পাঁচুরিয়া গ্রামের কাদের মন্ডলের ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে পুলিশ জানায়, রবিবার ভোর রাতে সাভারের আনন্দপুর মহল্লার আনিস শেখের ছেলে বাস চালক রাজিব শেখকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে আনেন প্রতিবেশী ভ্যান চালক নাজিম মন্ডল। পরে রাজিব শেখকে একটি বাগানে নিয়ে রামদা দিয়ে গলা কেটে হত্যা করে সে। তবে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস এম নুরুল কাদির সৈকত বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে ওই বাস চালককে হত্যা করেছে ভ্যান চালক। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে।

ওই বাস চালকের হত্যাকান্ডের বিষয়টি তারা আরও গভীর ভাবে তদন্ত করে দেখছেন উল্লেখ করে তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর